দেশ – উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমের পর এবার আরও এক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, খুব দ্রুত তাঁর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। এখন শুধু তা কার্যকর হওয়ার অপেক্ষা।
গত ২১ জুলাই মধ্যপ্রদেশ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়। কংগ্রেসের তীব্র বিরোধিতা সত্ত্বেও বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ করানো হয়। বিল পেশ করার সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব দাবি করেছিলেন, এই বিল পাশের মাধ্যমে মধ্যপ্রদেশ বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হতে চলেছে।
বিলের বিরোধিতা করায় কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তোষণের রাজনীতির কারণেই বিরোধীরা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছে এবং বিলটিকে আদিবাসী-বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। সরকারের বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ-সহ ব্যক্তিগত আইনের ক্ষেত্রে অভিন্ন কাঠামো তৈরি করা হবে।
পাশ হওয়া বিলে তিন তালাক এবং বহুবিবাহ নিষিদ্ধ করার পাশাপাশি সব ধর্মের মানুষের জন্য অভিন্ন বিবাহ ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নিয়মের কথা বলা হয়েছে। এছাড়াও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মকানুন রাখা হয়েছে।
লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ এক মাসের মধ্যে লিভ-ইন সম্পর্কের নিবন্ধন করতে হবে বলে বিলে উল্লেখ রয়েছে।
মধ্যপ্রদেশে বিলটি কার্যকর হলে বিজেপি শাসিত একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণার পর মধ্যপ্রদেশে কবে থেকে নতুন আইন কার্যকর হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।




















