রাজ্য – কোভিড-জাতীয় ভাইরাসের সংক্রমণের পর নিউমোনিয়া এবং গুরুতর শারীরিক জটিলতায় মৃত্যু হল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা. সন্দীপ বাগের। বয়স হয়েছিল ৪৩ বছর। পরিবারের দাবি মেনে মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, দু’দিন আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক সন্দীপ বাগের। শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম বা এআরডিএস-এ আক্রান্ত হয়েছেন। দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে হাসপাতালে যাওয়ার পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে চণ্ডীপুর এবং পরে তমলুকে তাঁকে স্থিতিশীল করার চেষ্টা করা হয়।
এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুস এবং শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ হয়েছিল। পরীক্ষায় নিউমোনিয়াও ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এই সংক্রমণের জেরে শরীরে তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যার ফলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ‘ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হৃদযন্ত্রের একটি বড় অংশে হঠাৎ রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসকদের বক্তব্য, কোভিড-জাতীয় ভাইরাসের সংক্রমণের কারণেই ডা. সন্দীপ বাগের শ্বাসনালীর নিচের অংশে গুরুতর সংক্রমণ তৈরি হয়েছিল। সেই সংক্রমণ থেকেই নিউমোনিয়া এবং পরবর্তীতে একাধিক শারীরিক জটিলতা তৈরি হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হতে পরিবারের অনুরোধে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।




















