বাঁকুড়া: খাতায়-কলমে বাস রয়েছে, কিন্তু তার বড় অংশই রাস্তায় নামানোর অবস্থায় নেই। পুজোর মুখে রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থার এমনই বেহাল ছবি সামনে আনলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। তাঁর দাবি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মিলিয়ে প্রায় ৭০০টি বাস ‘কনডেমড’ হয়ে গিয়েছে। অর্থাৎ যাত্রী পরিবহণের জন্য সেগুলি আর উপযুক্ত নয় এবং বাতিলের অপেক্ষায় রয়েছে।
রবিবার বাঁকুড়ার ছাতনায় একটি দলীয় সভায় যোগ দিতে এসে মন্ত্রী জানান, সরকারি খাতায় বাসের সংখ্যা থাকলেও বাস্তবে তার বড় অংশ রাস্তায় চালানো সম্ভব হচ্ছে না। পুরনো হয়ে যাওয়া বাসের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের ঘাটতিও সরকারি বাস পরিষেবায় বড় সমস্যা তৈরি করছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাতেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেন তিনি। একদিকে পুরনো বাস, অন্যদিকে পর্যাপ্ত চালক-কন্ডাক্টর না থাকায় ডিপোয় বাস থাকা সত্ত্বেও প্রয়োজনমতো বিভিন্ন রুটে তা নামানো যাচ্ছে না। ফলে বহু রুটে সরকারি বাসের সংখ্যা কমেছে এবং পরিষেবাও অনিয়মিত হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।
পুজোর মরসুমে যাত্রীদের চাপ আরও বাড়বে। ফলে সরকারি বাসের এই সঙ্কট কতটা সামাল দেওয়া যাবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে পুজোর আগে মহিলাদের জন্য প্রস্তাবিত ‘পিঙ্ক কার্ড’ নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, পুজোর আগে কোনওভাবেই পিঙ্ক কার্ড চালু করা সম্ভব হবে না।
ফলে একদিকে প্রায় ৭০০ সরকারি বাস বাতিলের অপেক্ষায়, অন্যদিকে চালক-কন্ডাক্টরের ঘাটতি—সব মিলিয়ে উৎসবের মরসুমে সরকারি পরিবহণ পরিষেবা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




















