রাজ্য – বৃষ্টি কিছুটা কমলেও রাজ্য থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষার আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকলেও কয়েকটি জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় রোদ-মেঘের খেলা চলার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে শনিবার ফের দক্ষিণবঙ্গে বর্ষণের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবারও তুলনামূলক বেশি সক্রিয় থাকবে বর্ষা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতাও রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই সিস্টেম তৈরি হলে তার প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে।




















