কলকাতা: ডেঙ্গি প্রতিরোধে প্রচার কর্মসূচিতে গিয়ে পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার চিৎপুরে কর্মসূচি শেষে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীদের একাংশ। মূলত দৈনিক ভাতা বৃদ্ধি এবং বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবিতে তাঁরা সরব হন।
চিৎপুর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে পুরসভার বিশেষ সচেতনতামূলক অভিযানে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্রা। কর্মসূচি শেষ করে তিনি গাড়িতে উঠে এলাকা ছাড়ার সময় অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা গাড়ির সামনে জড়ো হয়ে নিজেদের দাবির কথা জানান। পরিস্থিতি সামাল দিতে গাড়ির ভিতর থেকেই তাঁদের সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী এবং দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।
অগ্নিমিত্রা জানান, বর্তমানে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা দিনে ৩০৩ টাকা করে পান। এই পারিশ্রমিক বৃদ্ধির চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করতে হবে বলে স্পষ্ট করেছেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, কর্মীদের বেতন বন্ধ করা হয়নি এবং বর্তমান সরকারের আমলে বেতন বৃদ্ধির বিষয়েও চেষ্টা করা হবে।
একই সঙ্গে রাজ্যের আর্থিক দায় এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খরচের প্রসঙ্গও তুলে ধরেছেন অগ্নিমিত্রা। ফলে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর আন্দোলনকারীদের।




















