মৎস্যখাতে বাংলাকে স্বনির্ভর করার বার্তা শুভেন্দুর! কেন্দ্রের সঙ্গে সমন্বয়ে ৯ কোটি টাকার সহায়তা, মৎস্যজীবীদের জন্য একাধিক পরিকল্পনা

মৎস্যখাতে বাংলাকে স্বনির্ভর করার বার্তা শুভেন্দুর! কেন্দ্রের সঙ্গে সমন্বয়ে ৯ কোটি টাকার সহায়তা, মৎস্যজীবীদের জন্য একাধিক পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: মৎস্যখাতের উন্নয়নে কেন্দ্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের সঙ্গে দীর্ঘ পর্যালোচনা বৈঠকের পর রাজ্যের মৎস্যখাতকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার পরিকল্পনার কথা জানান তিনি। বৈঠক শেষে কেন্দ্রের তরফে মৎস্যখাতের উন্নয়নে প্রায় ৯ কোটি টাকার আর্থিক সহায়তা রাজ্যকে দেওয়া হয়েছে।

বৈঠকে রাজ্যের উপকূলীয় এলাকা, সুন্দরবন, নোনা জলের মাছ চাষ এবং দার্জিলিং-কালিম্পংয়ের মতো পাহাড়ি অঞ্চলে ঠান্ডা জলের মাছ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানো, অ্যাকোয়াকালচার সম্প্রসারণ, পরিকাঠামো উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের দ্রুত কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আওতায় আনা এবং ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’-র সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ২.৮ লক্ষ আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে ১.২ লক্ষ মৎস্যজীবীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বকেয়া পরিকাঠামোগত প্রকল্প দ্রুত শেষ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

বৈঠকের পর শুভেন্দু অধিকারী পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পুরোপুরি কাজে না লাগানোর অভিযোগ তোলেন। তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর গত চার মাসে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংও মৎস্যখাতের উন্নয়নে রাজ্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top