‘বন্দে মাতরম’-এর ছয় স্তবক গাওয়া বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু, কেন্দ্রের জবাব তলব

‘বন্দে মাতরম’-এর ছয় স্তবক গাওয়া বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু, কেন্দ্রের জবাব তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: সরকারি অনুষ্ঠানে ‘ন্যাশনাল সং’ বা জাতীয় গান হিসেবে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি শুরু হয়েছে। ২০২৬ সালের সংশোধনী এবং এই সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কর্নাটকী সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণা রিট পিটিশনটি দায়ের করেছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পি মোহনরাজের বেঞ্চে মামলাটির শুনানি হয়।

শুনানি চলাকালীন বেঞ্চ মৌখিকভাবে জানায়, কোন গানকে জাতীয় গান হিসেবে নির্ধারণ করা হবে, সেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া আদালতের এক্তিয়ারের বিষয় নয়। তবে ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত বিবেকের কারণে কেউ জাতীয় গান গাওয়া থেকে বিরত থাকতে পারেন কি না, সেই প্রশ্নটি আদালত খতিয়ে দেখবে। এক্ষেত্রে ‘বিজয়ে ইমানুয়েল’ মামলায় জাতীয় সঙ্গীত নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের নীতিও বিবেচনায় রাখা হবে।

আদালত আরও ইঙ্গিত দিয়েছে, ধর্মীয় বা বিবেকগত কারণে কেউ ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে কি না, সেই বিষয়টিও শুনানিতে বিবেচিত হবে। এ বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে সলিসিটর জেনারেলের কাছে জবাব তলব করেছে বেঞ্চ।

আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী ড. এস মুরলীধর দাবি করেন, ২০২৬ সালের সংশোধনী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার মাধ্যমে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সংশোধিত ব্যবস্থায় ‘জাতীয় গান’ বলতে ঠিক কোন অংশকে বোঝানো হচ্ছে, তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি বলেও আদালতে সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্য, এই অস্পষ্টতার সুযোগে নিয়মের অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top