সরকারি-বেসরকারি হাসপাতালে এবার বাধ্যতামূলক ‘মেডকো’! স্বাস্থ্যবিমার প্রি-অথোরাইজেশন থেকে ক্লেইম, সব প্রক্রিয়ায় নয়া নির্দেশিকা রাজ্যের

সরকারি-বেসরকারি হাসপাতালে এবার বাধ্যতামূলক ‘মেডকো’! স্বাস্থ্যবিমার প্রি-অথোরাইজেশন থেকে ক্লেইম, সব প্রক্রিয়ায় নয়া নির্দেশিকা রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পরিষেবা যাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও সুষ্ঠুভাবে কার্যকর হয়, তার জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী, এবার থেকে প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন করে মেডিক্যাল কোঅর্ডিনেটর বা ‘মেডকো’ নিয়োগ করা বাধ্যতামূলক। রোগীর প্রি-অথোরাইজেশন থেকে শুরু করে চিকিৎসা শেষে চূড়ান্ত ক্লেইম জমা দেওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করার দায়িত্ব থাকবে তাঁর উপর।

নির্দেশিকা অনুযায়ী, মেডকোকে প্রথমে যোজনা পাওয়ার যোগ্য রোগীদের শনাক্ত করে তাঁদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। TMS পোর্টালে প্রি-অথোরাইজেশনের আবেদন জমা দেওয়া ও প্রয়োজন হলে বাতিল করা, চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মেডিক্যাল নথি তৈরি, প্যানেল ডাক্তার বা অ্যান্টি-ফ্রড ইউনিটের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া এবং ডিসচার্জের পর চূড়ান্ত ক্লেইম জমা দেওয়ার কাজও করতে হবে মেডকোকে। পাশাপাশি PMAM-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সমস্ত মেডিক্যাল ও ক্লেইম সংক্রান্ত নথি সংরক্ষণের দায়িত্বও থাকবে তাঁর।

ন্যাশনাল হেলথ অথোরিটির নির্দেশিকা মেনে মেডকো পদে চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট মেডকোকে PMAM-এর চেয়ে সিনিয়র হতে হবে। একইসঙ্গে AB PM-JAY-এর নিয়ম, Health Benefit Package, TMS-BIS ব্যবস্থা এবং মেডিক্যাল ডকুমেন্টেশন সম্পর্কে তাঁর যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

হাসপাতালের কর্তৃপক্ষ ও প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, মনোনীত মেডকোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে এবং তিনি যাতে সবসময় দায়িত্ব পালনের জন্য উপলব্ধ থাকেন, তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে দ্রুত এই ব্যবস্থা চালু করতে হবে। এর ফলে স্বাস্থ্যবিমার আওতায় চিকিৎসা নেওয়া রোগীদের, বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের, ক্লেইম সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হওয়ার আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top