খড়গপুর: শুক্রবার ভোরে নিজের খড়গপুরের বাড়ি থেকে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। তাঁকে আপাতত ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথম দিকে গ্রেফতারির কারণ স্পষ্ট না হলেও পরে পুলিশের তরফে জানানো হয়, জেলার বিভিন্ন সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি তোলাবাজির অভিযোগও উঠেছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক প্রতারণার অভিযোগে অজিত মাইতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কীভাবে এবং কত টাকার লেনদেনের অভিযোগ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। গ্রেফতারির পর তাঁকে ডেবরা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অজিত মাইতি। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুরো ঘটনায় তাঁর আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবারই প্রাক্তন বিধায়ককে আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।




















