রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা! ‘গভর্নর হাউসের আধিকারিক’ সেজে ফোন, সতর্ক করল লোক ভবন

রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা! ‘গভর্নর হাউসের আধিকারিক’ সেজে ফোন, সতর্ক করল লোক ভবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

কোনও নেতা বা মন্ত্রীর নাম নয়, এবার খোদ রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। রাজ্যপালের দফতরের নাম ব্যবহার করে ফোন এবং রাজ্যপালের পরিচয় দেওয়ার ঘটনাকে ঘিরে সতর্ক করল লোক ভবন। কীভাবে এই প্রতারণার চেষ্টা করা হয়েছে, তার বিস্তারিতও জানানো হয়েছে রাজ্যপালের সচিবালয়ের তরফে।

লোক ভবনের তরফে জানানো হয়েছে, ৯৮৩৬২০৫১৬২ এবং ৯৮৩৬৮৭৪৯১৩ নম্বর থেকে ফোন করা হয়েছিল। ফোনে এক ব্যক্তি নিজেকে গভর্নর হাউসের ‘আকাশ সিং’ বলে পরিচয় দেন। তবে লোক ভবনের দাবি, ওই নামে রাজ্যপালের দফতরে কোনও ব্যক্তি কর্মরত নেই। শুধু তাই নয়, অন্য এক ব্যক্তিও নিজেকে সরাসরি রাজ্যপাল বলে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের প্রচারেও রাজ্যপালের ছবি ব্যবহার করা হয়েছে বলে লোক ভবনের নজরে এসেছে। তবে ওই ছবি ব্যবহারের জন্য রাজ্যপালের দফতর থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। ফলে নাম ও ছবির অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখছে লোক ভবন।

ঘটনাগুলির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যপালের ছবি ব্যবহারের অভিযোগের ক্ষেত্রে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে পাঠানো হয়েছে বলেও লোক ভবনের তরফে জানানো হয়েছে।

এই ঘটনার পর সাধারণ মানুষকেও সতর্ক করেছে রাজ্যপালের দফতর। অচেনা বা সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে পরিচয় যাচাই না করে কোনওভাবেই সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি কিংবা পদবি ব্যবহার করা নিষিদ্ধ বলেও স্পষ্ট করে জানানো হয়েছে।

কোথাও রাজ্যপালের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা হলে তা লোক ভবনের নজরে আনার জন্য ০৩৩-২২০০-১৬৪১ নম্বরে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি generalcellgs@gmail.com ই-মেলেও অভিযোগ পাঠানো যাবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top