মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে (WBMSC) স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার, ১৩ অক্টোবর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছে। এর আগে, গত ৫ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বীকৃত বেসরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের কাছে বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে।

এই সংযুক্তিকরণ কার্যকর করতে আইনি কাঠামোতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধন এবং ২০০৮ সালের পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশন আইন প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। ফলে মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বর্তমান আইনি ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।

পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিধি সংশোধনের জন্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরকে পদক্ষেপ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি কলকাতা গেজেটে প্রকাশের ব্যবস্থা করার জন্য বাণিজ্য ও শিল্প দফতরকেও অনুরোধ জানানো হয়েছে।

অর্থ, আইন-সহ অন্যান্য সংশ্লিষ্ট দফতর এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিবদের কাছেও বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই সংযুক্তিকরণ কীভাবে কার্যকর হবে, তা পরবর্তী পদক্ষেপে স্পষ্ট হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top