পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন, ১৬ থেকে ২১ অক্টোবর বাড়তি পরিষেবা

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন, ১৬ থেকে ২১ অক্টোবর বাড়তি পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মেন, নর্থ ও সাউথ সেকশনে চালানো হবে একাধিক পুজো স্পেশাল ট্রেন। রাতের পাশাপাশি সন্ধ্যাতেও মিলবে বাড়তি ট্রেনের পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী, বনগাঁ, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি।

রেলের প্রকাশিত সূচি অনুযায়ী, শিয়ালদহ মেন ও নর্থ সেকশনে মোট ২২টি নাইট স্পেশাল পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, সাউথ সেকশনে চলবে ১৬টি নাইট স্পেশাল পরিষেবা। পাশাপাশি, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সন্ধ্যার সময় মেন ও নর্থ সেকশনে ১০টি এবং সাউথ সেকশনে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে।

কোন রুটে কখন ছাড়বে স্পেশাল ট্রেন?

রেলের সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে রানাঘাটগামী বিশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শিয়ালদহ-কল্যাণী স্পেশাল ছাড়বে রাত ৯টা ১০ মিনিটে। বনগাঁগামী ট্রেনের ছাড়ার সময় রাত ১১টা ৩০ মিনিট। বারুইপুরগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে।

এ ছাড়াও শিয়ালদহ-ডানকুনি স্পেশাল রাত ১১টায় ছাড়বে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী বিশেষ ট্রেনের সময় সন্ধ্যা ৫টা ৫ মিনিট। লক্ষ্মীকান্তপুর রুটেও বারুইপুর হয়ে বিশেষ ট্রেনের পরিষেবা মিলবে। পাশাপাশি, ডায়মন্ড হারবার থেকে বারুইপুরগামী বিশেষ ট্রেন রাত ১১টা ৪০ মিনিটে ছাড়ার কথা জানানো হয়েছে।

পুজোর সময় সন্ধ্যা ও রাতের দিকে মণ্ডপে যাওয়া এবং বাড়ি ফেরার পথে যাত্রীদের ভিড় বাড়ে। সেই চাপ সামাল দিতেই এই অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করেছে শিয়ালদহ ডিভিশন। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট দিনের সম্পূর্ণ সময়সূচি ও ট্রেনের স্টপেজ রেলের সরকারি বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top