ভুবনেশ্বর: দীর্ঘ চার মাসের বিরতির পর পর্যটকদের জন্য ফের খুলতে চলেছে ওড়িশার বিখ্যাত সিমলিপাল টাইগার রিজার্ভ। আগামী ১ নভেম্বর থেকে পর্যটক ও বন্যপ্রাণপ্রেমীদের জন্য খুলে দেওয়া হবে ময়ূরভঞ্জ জেলার এই সংরক্ষিত অরণ্য। বর্ষার মরসুমের কারণে গত ২৯ জুন থেকে জঙ্গলটি পর্যটকদের প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছিল।
রিজার্ভের ফিল্ড ডিরেক্টর প্রকাশ চাঁদ গোগিনেনির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ থাকছে। প্রতিদিন সর্বোচ্চ ৬০টি গাড়িকে রিজার্ভের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর ফলে পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গলের পরিবেশ ও বন্যপ্রাণীদের সুরক্ষার দিকেও নজর দেওয়া হবে।
কোথা থেকে মিলবে জিপ সাফারির সুযোগ?
রিজার্ভ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বারিপদার পিথাবটা চেক গেট, গুডুগুড়িয়া, জামুয়ানি চেক গেট, তালাবান্ধা চেক গেট এবং বারেহিপানি থেকে খোলা জিপে সাফারির ব্যবস্থা থাকবে। পর্যটকরা নির্ধারিত চেকপোস্টগুলি থেকে সরাসরি অথবা অনলাইনে আগাম বুকিং করতে পারবেন।
প্রবেশের সময়সীমা কী?
নির্ধারিত নিয়ম অনুযায়ী, জশিপুর গেট দিয়ে প্রবেশকারী পর্যটকদের সকাল ৫টা থেকে ৯টার মধ্যে প্রবেশ করতে হবে। অন্যদিকে, বারিপদা ডিভিশনের পিথাবটা গেট দিয়ে প্রবেশের সময় ধার্য করা হয়েছে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত।
দীর্ঘ বিরতির পর সিমলিপাল খুলে যাওয়ায় বন্যপ্রাণী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তবে জঙ্গলে প্রবেশের আগে পর্যটকদের বুকিং, প্রবেশের সময় এবং সংশ্লিষ্ট বিধিনিষেধ সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



















