নয়াদিল্লি: দেশজুড়ে জনগণনা ২০২৭-এর প্রস্তুতির মধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এবার শুধু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই নন, বেসরকারি স্কুলের শিক্ষকদেরও জনগণনার কাজে নিয়োগ করা যেতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার ১৯৯০ সালের জনগণনা বিধি সংশোধন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার কাজে বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও যুক্ত করার সুযোগ তৈরি হল। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ পুরনো বিধি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন।
জনগণনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে এবার সেই কাজের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত মিলেছে। সংশোধিত বিধি অনুযায়ী, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের শিক্ষকদেরও এই কাজে নিয়োগ করা যেতে পারে।
এদিকে, স্কুলশিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে আদালতে মামলা চলার মধ্যেই কেন্দ্রের এই বিজ্ঞপ্তি সামনে এসেছে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কোন রাজ্যে কতজন শিক্ষককে নিয়োগ করা হবে এবং তাঁদের কীভাবে দায়িত্ব বণ্টন করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশিকার উপর নির্ভর করবে।




















