
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৯ই সেপ্টেম্বর : মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নিত করতে হবে, এই দাবিতে স্কুলের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচগেছিয়া জয়রামচক গোষ্ঠবিহারী বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুলটিকে উচ্চমাধ্যমিক করার দাবিতে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা। সোমবার স্কুলের মূল গেটে দশটা নাগাদ তালা দিয়ে, হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনকে স্কুলটিকে উচ্চমাধ্যমিক করার প্রতিশ্রুতি দিতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে।

ছাত্র-ছাত্রীদের আরও অভিযোগ, পাশাপাশি কোন উচ্চমাধ্যমিক স্কুল নেই, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা থেকে ছাত্রছাত্রীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ১৯৫৯ সালে স্থাপিত ওই স্কুলের জন্য। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, তাই এদিন এই বিক্ষোভ। পড়ুয়াদের বিক্ষোভের জেরে এদিন স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন শিক্ষকরা। দাবী পুরনের আশ্বাস না মেলা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান পড়ুয়ারা। বিক্ষোভের জেরে বন্ধ থাকে স্কুলের পঠনপাঠন।



















