
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১০ই সেপ্টেম্বর :মাঠের রাখাল বালকদের মহানুভবতায় ও সহযোগিতায় বিশালাকার এক ময়াল সাপ কে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে নিয়ে আসল বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাড়ে দশটা নাগাদ গড়বেতার সাতবিঁন্দাতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বন দপ্তরের গড়বেতা রেঞ্জের অধীন সাতবিঁন্দা গ্রামের কিছু যুবক গোরু চরাতে গিয়েছিল গ্রামের পাশের এক ইউক্যালিপটাস জঙ্গলে। সেখানে এক রাখাল লক্ষ্য করে যে এক বিশালাকার ময়লা সাপ ঘোরাঘুরি করছে। সাপটিকে দেখতে পেয়েই সে তার সঙ্গী সাথী দের ডাকে। তারাই বনদপ্তরে খবর দিলে ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিশালাকারের এই ময়াল সাপটিকে দেখার জন্য ভীড় জমায় একাকাবাসী। বনকর্মীরা জানিয়েছেন এই সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লে সাপটির নিশ্চিত মৃত্যু হত। রাখালেরা বনদপ্তরে খবর দিয়ে একটি প্রাণ রক্ষা করেছে। তারা জানান সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি কিভাবে সাপটি এখানে এল তাও দেখা হবে।



















