
নিউজ ডেস্ক,শিলিগুড়ি:ডেঙ্গু সচেতনতা ও রোধে কাজ করছে পুরনিগম। যদিও রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী অযথা আতঙ্ক ছড়িয়ে চলেছেন। নিজের মন্তব্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ শিলিগুড়ি পুর নিগমের জরুরিকালীন এক বৈঠকে এভাবেই রাজ্যের মন্ত্রীকে আক্রমণ করেন মেয়র পারিষদ শঙ্কর ঘোষ।
ডেঙ্গু মোকাবিলায় যখন পুরনিগম কোমড় বেঁধে ময়দানে নেমেছে ঠিক সেসময় পর্যটন মন্ত্রীও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। প্রশাসনিক আধিকারীকদের নিয়ে একাধিক বৈঠকের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের খোঁজ খবর নিতে ছুঁটে চলেছেন। তবে, মন্ত্রীর এহেন কর্মকান্ড অযথা আতঙ্ক ছড়াচ্ছে শহর জুড়ে৷ যা কখনই কাম্য নয় বলে সুর চড়িয়েছেন পুর বোর্ডের দ্বায়িত্বে থাকা বাম নেতৃত্বরা।
এদিনের সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ অভিযোগের সুরে বলেন, মন্ত্রী গৌতম দেব দ্বায়িত্বশীল মন্ত্রী হিসাবে বা একজন সু-নাগরিক হিসাবে তার নিজের ভূমিকা পালন করছেন না। বরং বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পুর নিগমের কাজের সমালোচনা করছেন। ডেঙ্গু ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা মনে করি ডেঙ্গু কোন রাজনৈতিক ইস্যু নয়। এর মোকাবিলায় রাজ্য কেন্দ্র একজোট হয়ে কাজ করতে হবে। যদিও আমরা লক্ষ্য করছি মন্ত্রী ডেঙ্গু ইস্যুতে বৈঠক ডাকলেও বাম জনপ্রতিনিধিদের ব্রাত্য রেখে দেন তিনি। আসলে রাজ্যে ব্রাত্য বিরোধীরা। তবে ডেঙ্গু ইস্যুতে রাজনীতি কাম্য নয়।



















