নিজস্ব সংবাদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ জানুয়ারি, লটারির টিকিট কেটেই বাজিমাত ভাঙড়ের সাদেক মোল্লার।৬ টাকার টিকিটের বিনিময়ে সাদেক পেয়েছেন এক কোটি টাকা। শুক্রবার সকালে এই খবর পেয়ে গোটা গ্রামের মানুষ এলাকার নয়া ‘কোটিপতি’কে দেখতে রীতিমতো মারামারি শুরু করে দেন। ঘটনায় বিহ্বল সাদেক বলেন, ‘লটারি কেটে এত টাকা পাব কোনদিন ভাবিনি।টাকার অভাবে বড় ছেলে রাজেশকে পড়াতে পারিনি।কিন্তু এবার ছোট ছেলে রাকেশে ভাল স্কুলে পড়াব। একটা চারচাকার সখ ছিল সেটাও পূরণ করবো।‘
বছর চল্লিশের সাদেক মোল্লার বাড়ি কাশীপুরের সরদার পাড়ায়। অনেক ছোট বেলা থেকেই গ্রাম থেকে পাইকারি দরে সব্জি কিনে শহরের বাজারে বিক্রি করেন তিনি। তাঁর বড় ছেলেও একই ব্যবসার সরিক। কখনও সাইকেল আবার কখনও ভ্যানে করে সব্জির সওদা করতে গিয়ে নিজের মনেও অনেক রকম স্বপ্নের জাল বনেন এই ফেরিওয়ালা।সাধ পূরনের আশায় মাঝে মধ্যেই লটারির টিকিট কিনতেন তিনি।বছরের প্রথম দিন নাগাল্যান্ড রাজ্য লটারির ডিয়ার সিরিজের ৬ টাকা মূল্যের পাঁচটি টিকিট কেনেন তিনি। তাঁরই একটি এক কোটি টাকা এবং বাকি চারটি টিকিটে এক লক্ষ করে মোট এক কোটি চার লক্ষ টাকা জেতেন সাদেক। স্ত্রী আমেনা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে তিন ছেলেমেয়েকে মানুষ করেছি। অবশেষে আল্লাহ মুখ তুলে চেয়েছেন।জমে থাকা অনেক স্বপ্ন এবার পূরণ হবে।



















