
১৮ জানুয়ারি, একটানা দীর্ঘক্ষণ শঙ্খ বাজানোর রেকর্ডে এগিয়ে বরাবরই ভারত। ২০১৬ সালে সেই বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন বিহারের বেগুসরাইয়ের শম্ভু কুমার। তিনি একটানা ৩০৬৩ সেকেন্ড শঙ্খ বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ভাবা অসম্ভব, সেই রেকর্ড এবার ভাঙতে চলেছেন বঙ্গসন্তান বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার হাঁড়ি ভাঙ্গা গ্রামের পলিটেকনিকের ছাত্র অসীম মাজী। টানা ১ ঘন্টা ৭ মিনিটের বেশি অর্থাৎ ৪০২৪ সেকেন্ড একটানা শঙ্খ বাজিয়ে চলতি রেকর্ড ভেঙে গিনেজ বুক অফ রেকর্ডে নিজের নাম তোলার অপেক্ষায়।

অসীম জানান, একসময় বাড়িতে কোন শঙ্খ ছিল না। একদিন তাঁর দাদা সুষেণ মাজি দীঘা বেড়াতে গিয়ে তার জন্য একটি শঙ্খ কিনে এনে দেন। তারপর থেকেই বাড়িতে পূজার্চনা হলে মায়ের সাথে শঙ্খ বাজিয়ে সঙ্গ দিতেন। তারপর পাড়ায় পাড়ায় যে সকল শঙ্খ বাজানো প্রতিযোগিতা হতো সেগুলিতে অংশগ্রহণ নিতেন আর জিতে আসতেন প্রথম পুরস্কার। এরপর এই ধীরে ধীরে শঙ্খ বাজানোর সময় বাড়ানোর ইচ্ছা জাগে তার মধ্যে। আর মহড়া করতে করতে আজ এই জায়গায়।দীর্ঘ প্রায় ১১ বছর ধরে অভ্যাস করে এমন কৃতিত্ব অর্জন করে ফেলেছেন এই ইঞ্জিনিয়ারিং ছাত্র।বাড়িতে থাকলে প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি শঙ্খ বাজান।
দুর্গাপুরের একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অসীম।পূর্বের রেকর্ড ভাঙ্গার জন্য তিনি বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হন। বাঁকুড়ার জেলাশাসক উমা শঙ্কর এস অসীমকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। রাজ্যের এই বিষয়ক মনিটারিং কমিটির কাছে অসীমের আবেদন পত্র পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান। আর সমস্ত প্রক্রিয়া যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এই রেকর্ড যে বাংলার ঘরে আসছে তা বলাই বাহুল্য।



















