
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৭ এপ্রিল, লকডাউনের জেরে বন্ধ মদের দোকান। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চড়া দামে বিক্রি করছে মদ। এমনই ঘটনা দেখা গেছে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার লাঙ্গলবেকি বেকি গ্রামে। এদিন অবৈধভাবে দিনের বেলাতেই মদ পাচার করছিল কিছু অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে গ্রামবাসীরা জোট বদ্ধ হয়ে মদ পাচারের সময় একটি টোটো গাড়ি আটকায়। তার থেকে উদ্ধার হয় বহু মদের বোতল। এর পরে খবর যায় কাশিপুর থানায়। কাশিপুর থানার পুলিশ এসে মদের বোতল গুলি উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি মদ বিক্রির অভিযোগে লাঙ্গলবেকি গ্রামের বাসিন্দা দীপঙ্কর মন্ডল এবং গৌতম মন্ডল এর বাড়িতে তল্লাশি চালায়। দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুই পেটি মদ উদ্ধার করে পুলিশ।
লকডাউন এরপর থেকেই বন্ধ বেশিরভাগ দোকানপাট। বন্ধ মদের দোকানও। মদের দোকান বন্ধ হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন পাড়া গায়ে অলিতে-গলিতে মদ বিক্রি শুরু হয়েছে। আর সেই মদ বিক্রি হচ্ছে যথেষ্ট চড়া দামে। লাঙ্গলবেকি গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে মদ বিক্রি হয়। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। উল্টে ব্যবসায়ীরাই দাবি করে পুলিশের মদতে এই ব্যবসা চলে। লাঙ্গলবেকি গ্রামে প্রাইমারি এবং জুনিয়ার হাই স্কুল থেকে ঢিল ছোড়া দুরুত্বে এই মদের ব্যবসা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। যদিও প্রশাসন সূত্রে খবর মদ বিক্রি নিয়ে গ্রাম থেকে কোনোরকম অভিযোগ যায়নি থানাতে, ফলে পুলিশের অজান্তেই এই ব্যবসা চলত। ঘটনার পর প্রায় লক্ষাধিক টাকার মদ উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















