নিজস্ব সংবাদদাতা ১২মার্চ ২০২১বিধাননগর: বিধাননগর পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে খেলা মাঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। সেই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজা তৃণমূল ও বিজেপির মধ্যে।অভিযোগ, আজ সকালে নয়াপট্টির বাসিন্দা অর্চনা সাহা বাড়ির পাশে খেলার মাঠে জামা কাপড় মেলতে গিয়ে ল্যাম্প পোস্টের বক্সের তারে বিদ্যুৎপৃষ্ট হন।

তারপর বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ওই ল্যাম্প পোস্ট থেকে খেলার মাঠে মেলার জন্য বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। অর্চনা সাহার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। পরিবারের আরো অভিযোগ, ওই পোলের বক্সটা দীর্ঘদিন ধরে খোলা ছিল। বারবার করে ওটা বন্ধ করার জন্য জানানো হয়েছিল। তাও সুরাহা হয়নি।স্থানীয় বাসিন্দা তথা বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর জয়দেব নস্কর বলেন, অর্চনা সাহা বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নাকি ল্যাম্প পোস্টের পাশে গর্তে পড়ে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে। মেলার সঙ্গে ওই পোলের কোনো সম্পর্ক নেই। একটা পোল থেকে আর একটা পোলে তার নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জামা কাপড় মেলতে গিয়ে পাশের গর্তে পড়ে মারা যেতে পারেন সবটাই ময়নাতদন্তের পর জানা যাবে।বিজেপি নেতা প্রভাকর মন্ডল বলেন, নয়াপট্টিতে যে মেলা চলছে ওই মেলাটাই অবৈধ। ওখানে মেলার বিদ্যুৎ সংযোগ এমনভাবে ছিল এক মহিলা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এটা মর্মান্তিক ঘটনা। আমরা চাই এই ঘটনার আইনঙ্গ যা ব্যবস্থা হওয়ার তাই হোক।



















