নিজস্ব সংবাদদাতা ২৯ দক্ষিণ ২৪পরগণা: হাড়োয়া বিধানসভার কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামদুনি গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। গতকাল রাতে বিজেপি কর্মীদের ফ্ল্যাগ, ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে।
তাতেই গুরুতর জখম হন এক বিজেপি কর্মী। হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার অভিযোগ, শাসন থানা এবং তার লাগোয়া রাজারহাট থানার আশেপাশের অঞ্চলগুলিতে বিজেপি কর্মীরা দলের কোন ফ্ল্যাগ, ফেস্টুন লাগাতে পারছে না। গোটা অঞ্চল ঘুরে দেখলে দেখা যাবে বিজেপি কর্মীদের দেওয়াল লিখতেও দিচ্ছে না তৃণমূলের হার্মাদ বাহিনি। পুলিশকে জানিয়েও কোন ফল হচ্ছে না বলে অভিযোগ। রাজারহাট থানা এলাকার কীর্তিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কামদুনি গ্রাম হাড়োয়া বিধানসভার অন্তর্গত। সেখানেই গতকাল রাতে কাজের শেষে বিজেপি কর্মী সমর্থকরা যখন বিজেপির ফেস্টুন লাগাচ্ছিল সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এ সম্পর্কে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোন ফল হয়নি। অন্যদিকে তৃণমূলের কামদুনির নেতা সোনা ঘোষ জানান, গ্রামে জোর করে এক ব্যক্তির বাড়িতে ফেস্টুন টাঙ্গাচ্ছিল বিজেপি কর্মীরা। ওই লোকের আপত্তি সত্ত্বেও বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন ব্যানার লাগানোর সময় বাড়ির মালিকের সাথে বচসা শুরু হয়। বাড়ির মালিককে বিজেপি কর্মীরা হুমকি দেয় বলে অভিযোগ। তারপরেই গ্রামের লোকের সাথে বিজেপি কর্মীদের সংঘর্ষ বাঁধে। তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন…রঙের উৎসবের পাশাপাশি জনসংযোগ মাতলেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাত্য বসু



















