NEET পরীক্ষার্থীদের সুবিধায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ট্রেন, বিশেষ ঘোষণা পূর্ব রেলের

NEET পরীক্ষার্থীদের সুবিধায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ট্রেন, বিশেষ ঘোষণা পূর্ব রেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট (ইউজি) পরীক্ষাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতেই হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওইদিন যাত্রীচাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত রবিবার ছুটির দিন হওয়ায় লোকাল ট্রেনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকে। সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকায় যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ একই দিনে দেশজুড়ে নিট (ইউজি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একাধিক কর্মসূচি রয়েছে। ফলে রেল, মেট্রো ও বাস পরিষেবায় বাড়তি ভিড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে কলকাতা মেট্রো কর্তৃপক্ষও ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত পরিষেবা চালুর ঘোষণা করেছে। রবিবার ভোর ৪টা থেকেই তিনটি করিডরে মেট্রো পরিষেবা চালু থাকবে। সেই সঙ্গে পূর্ব রেলের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাওড়া ডিভিশনে চারটি মেমু স্পেশাল ট্রেন চালানো হবে। ০৩০৭২ রামপুরহাট-বর্ধমান মেমু স্পেশাল সকাল ৬টা ৩৫ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে সকাল ৯টা ১৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। ফিরতি ০৩০৭১ বর্ধমান-রামপুরহাট মেমু স্পেশাল সকাল ৯টা ৫০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে দুপুর ১২টা ১৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে।

এছাড়াও ০৩০৭৪ আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশাল সকাল ৫টা ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে সকাল ৭টা ১৫ মিনিটে কাটোয়া পৌঁছবে। ফিরতি ০৩০৭৩ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশাল সকাল ৭টা ২৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। এই বিশেষ ট্রেনগুলি সমস্ত নির্ধারিত স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে। পাশাপাশি হাওড়া ডিভিশনের ইএমইউ পরিষেবাও সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী চালানো হবে।

শিয়ালদহ ডিভিশনেও একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ০৩১৪৪ সোনারপুর-ডায়মন্ড হারবার স্পেশাল সকাল ৬টা ৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে সকাল ৭টা ১০ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে। ০৩১৪৩ ডায়মন্ড হারবার-শিয়ালদহ স্পেশাল সকাল ৭টা ২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে সকাল ৮টা ৫৮ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

এছাড়া ০৩১২২ শিয়ালদহ-সোনারপুর স্পেশাল সকাল ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে সোনারপুর পৌঁছবে। ০৩১২১ ক্যানিং-সোনারপুর স্পেশাল সকাল ১১টা ৩০ মিনিটে ক্যানিং থেকে ছেড়ে দুপুর ১২টা ১৫ মিনিটে সোনারপুর পৌঁছবে। পাশাপাশি ৩৪৪২০ শিয়ালদহ-ক্যানিং স্পেশাল সকাল ৯টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ৫ মিনিটে ক্যানিং পৌঁছবে।

পূর্ব রেলের এই উদ্যোগে নিট পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পরীক্ষার দিন এবং বিশেষ কর্মসূচির কারণে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top