
জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে অন্য সব ভিডিও গেমকে পিছনে ফেলেছে PUBG। কিশোর থেকে মধ্যবয়সি, সকলেই মজে এর নেশায়। এ এমনই একটি খেলা যে, বিয়ে করতে বসে হৃদয় বন্ধনের অঙ্গীকার ভুলে বরকে PUBG-তে বুঁদ হয়ে থাকতে দেখা গিয়েছে। পরিবারের এক সদস্যের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে মধ্যপ্রদেশের নিমাচ এলাকায় গিয়েছিল ১৬ বছরের ফারকান কুরেশি। ফারকান রাজস্থানের নাসিরবাদ শহরের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাওয়া-খাওয়া ভুলে টানা ছ’ঘণ্টা PUBG-তে মগ্ন ছিল ফারকান। তারপরই অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফারকানকে যখন নিয়ে আসা হয়, তখন তার পালর্স পাওয়া যাচ্ছিল না। কার্ডিওলজিস্ট অশোক জৈনের মতে, অনেক সময় খেলার উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছলে হার্ট তার ধাক্কা সামলাতে পারে না। এক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু কী এমন উত্তেজনার খেলা এই PUBG? যার ধাক্কায় মাত্র ১৬ বছরের কিশোরের হার্টও অকালে থেমে গেল।



















