SIR শুনানিতে ধীরগতি, চার জেলায় সময়সীমা বাড়ানোর ইঙ্গিত

SIR শুনানিতে ধীরগতি, চার জেলায় সময়সীমা বাড়ানোর ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তৈরি হল নতুন জটিলতা। বাংলার চার জেলায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি এখনও শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানোর ইঙ্গিত মিলছে। মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা ও কার্শিয়েং—এই চার জেলায় কাজ অনেকটাই বাকি বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। এর ফলে নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকেরা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন যে, শুনানির কাজ এখনও অসম্পূর্ণ। সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই চার জেলায় শুনানির সময়সীমা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
এদিকে শুনানির নোটিস পাওয়ার পরও প্রায় ৫ লক্ষ ভোটার এখনও পর্যন্ত প্রক্রিয়ায় অংশ নেননি। ফলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। নতুন করে এই ৫ লক্ষ যুক্ত হলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৬৩ লক্ষে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড ভোটার মিলিয়ে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৮০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। তবে প্রায় ৭২ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ এখনও অসম্পূর্ণ। হাতে সময় খুব কম থাকায় নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা কঠিন বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে কার্শিয়েং-সহ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানির গতি অত্যন্ত ধীর হওয়ায় সেখানে অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ না হলে সময়সীমা বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাও সম্ভব নাও হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top