আন্তর্জাতিক – তৈরি হল নতুন ইতিহাস। অন্ধকারের বুক চিরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে সফল উৎক্ষেপণ হল ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইট (পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ) EOS-05 বহনকারী GSLV-F17 রকেটের। ভারতীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে আকাশে পাড়ি দেয় রকেটটি। উৎক্ষেপণের পর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী EOS-05-কে সফলভাবে তার কাঙ্ক্ষিত ‘সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট’-এ স্থাপন করা হয়।
সাফল্যের পর ইসরো প্রধান ড. ভি. নারায়ণন বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জিএসএলভি-এফ১৭ রকেটটি অত্যাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা জিও-ইমেজিং স্যাটেলাইট ‘ইওএস-০৫’-কে সফলভাবে এবং নিখুঁতভাবে তার কাঙ্ক্ষিত কক্ষপথে স্থাপন করেছে।” মিশন ডিরেক্টর থমাস কুরিয়ান জানান, GSLV-এর মাধ্যমে GTO বা সাব-GTO কক্ষপথে পাঠানো এটিই এখনও পর্যন্ত সবচেয়ে ভারী স্যাটেলাইট।
থমাস কুরিয়ানের কথায়, “এটি আমাদের সবার জন্যই অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত। জিএসএলভি তার ১৯তম মিশন সফলভাবে সম্পন্ন করল।” তাঁর দাবি, EOS-05 একটি অনন্য গঠনের আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার প্রায় ‘রিয়েল-টাইম’ বা তাৎক্ষণিক ছবি তোলার সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, উৎক্ষেপণের প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটের হলেও এই সাফল্যের নেপথ্যে রয়েছে মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কঠোর পরিশ্রম।




















