রাজ্য – তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, তাঁর জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও বিশেষ পাইলট কারের সুবিধাও আর বহাল থাকছে না। একজন সাংসদ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার কথা, ভবিষ্যতে সেই নিরাপত্তাই পাবেন তিনি। সোমবার এই বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
তৃণমূল সরকারের আমলে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ‘জেড প্লাস’ নিরাপত্তা পেয়ে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিরাপত্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ধাপে ধাপে তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট শুরু হয় বলে খবর।
গত সপ্তাহেই কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে থেকে বিশেষ পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি, শান্তিনিকেতনে তাঁর বাড়ি থেকেও তুলে নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত একাধিক ব্যবস্থা। বাড়িতে থাকা পুলিশি স্ক্যানার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ওই ধরনের স্ক্যানার সাধারণত বিমানবন্দর, রেল স্টেশন বা বড় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তিনি আগের মতোই ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে কালীঘাটে তাঁর বাড়ির সামনে থাকা ‘সিজার ব্যারিকেড’ খুলে দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকারের নিরাপত্তা নীতির অংশ হিসেবেই এই পুনর্বিন্যাস করা হচ্ছে।



















