মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও গাফিলতি নয়, কলকাতা পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও গাফিলতি নয়, কলকাতা পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজনৈতিক সৌজন্যতার নজির দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনওরকম গাফিলতি যাতে না হয়, সেই বিষয়ে সোমবার কলকাতা পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার পাশাপাশি প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করার কথা বলা হয়েছে।
সোমবার নবান্নে রাজ্যের আইপিএস ও আইএএস আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বর্ষীয়ান মহিলা নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তাই তাঁর নিরাপত্তায় কোনওরকম ত্রুটি বা শৈথিল্য বরদাস্ত করা হবে না। কলকাতা পুলিশের কমিশনারকে পুরো নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এটি এক ধরনের রাজনৈতিক সৌজন্যমূলক বার্তা। গত কয়েক সপ্তাহে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মাঝেমধ্যেই বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। সেই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েও বিশেষ নজর রাখতে বলা হয়েছে কলকাতা পুলিশকে।
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাই নয়, এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক আধিকারিক ও পুলিশকে নির্ভয়ে কাজ করার বার্তা দেওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top