রাজ্য – ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং সমাজমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস।
অভিযোগকারীর দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ এমন কিছু মন্তব্য করেছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এফআইআরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সমাজমাধ্যম পোস্টের প্রতিলিপিও জমা দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২ মে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছিলেন, “১০ বার জন্মালেও আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটেফোঁটাও ক্ষতি করতে পারবে না।” এই মন্তব্যকেই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
অর্ণবকান্তি দাসের অভিযোগ, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন এবং বিদ্বেষ ছড়াতে পারে। সেই কারণেই তিনি ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
প্রসঙ্গত, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রচারে উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। বিধাননগর সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগ করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার।
অন্যদিকে, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন, মমতার একটি মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক এবং তা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কে দেওয়ার সামিল। সেই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার একই ধরনের অভিযোগ ঘিরে ফের চাপে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



















