অযোধ্যা পাহাড় থেকে দার্জিলিং, পুরুলিয়া পেতে পারে জোড়া নতুন ট্রেন

অযোধ্যা পাহাড় থেকে দার্জিলিং, পুরুলিয়া পেতে পারে জোড়া নতুন ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – স্বাধীনতা দিবসের আগেই সুখবর পুরুলিয়ার পর্যটনে। কয়েক বছর ধরেই ঝাড়খণ্ড সংলগ্ন জঙ্গলমহলের পুরুলিয়া পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। পর্যটক সংখ্যার সাম্প্রতিক গ্রাফ বলছে, চলতি আর্থিক বছরে এই জেলায় পর্যটকের সংখ্যা মিলিয়ন ছুঁতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে পুরুলিয়ার পর্যটনকে আরও প্রসারিত করতে চলতি পর্যটন মরশুমেই জোড়া নতুন ট্রেন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অযোধ্যা পাহাড় এবং শৈলশহর দার্জিলিংকে রেলপথে যুক্ত করার ভাবনা থেকেই পুরুলিয়া-নিউ জলপাইগুড়ি এবং পুরুলিয়া-দিঘা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে নতুন ট্রেন চালু এবং বিভিন্ন রেল প্রকল্পে আর্থিক বরাদ্দের দাবি জানিয়ে চিঠি দেন।

সাংসদের দেওয়া চিঠির ভিত্তিতে তাঁর কার্যালয় সূত্রে দাবি, পুরুলিয়ার পর্যটনের কথা মাথায় রেখে প্রস্তাবিত দুই জোড়া ট্রেনের মধ্যে পুরুলিয়া-নিউ জলপাইগুড়ি এবং পুরুলিয়া-দিঘা ট্রেন চালুর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই দুই রুট চালু হলে পুরুলিয়ার সঙ্গে রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলির যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে বাংলার পর্যটন শিল্পও বড়সড় সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি বলরামপুরে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্টেকহোল্ডার কনফারেন্সে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অযোধ্যা পাহাড় এবং দার্জিলিং—পশ্চিমবঙ্গের দুই প্রান্তের এই দুই পাহাড়ি পর্যটনকেন্দ্রকে রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব সেখানে দেওয়া হয়েছিল। সাংসদের প্রস্তাবে ওই বৈঠকেই পর্যটনমন্ত্রীর সম্মতি মিলেছিল বলে দাবি।

রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে পুরুলিয়া-দিঘা এবং পুরুলিয়া-নিউ জলপাইগুড়ি রুটের পাশাপাশি পুরুলিয়া-বেঙ্গালুরু এবং পুরুলিয়া থেকে দক্ষিণ ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে নতুন ট্রেন চালুর দাবিও জানিয়েছেন সাংসদ। নতুন ট্রেন পরিষেবা চালু হলে পুরুলিয়ার পর্যটন, ব্যবসা এবং সাধারণ মানুষের যাতায়াত—তিন ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top