দেশ -;২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে ফের সেই লক্ষ্য স্পষ্ট করে দিলেন তিনি। একইসঙ্গে অলিম্পিকের মঞ্চে ভারতের একটি বড় দুর্বলতার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, অলিম্পিকে যে ধরনের খেলা হয়, তার প্রায় তিন-চতুর্থাংশে ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতা করেন না। এই ঘাটতি দূর করতে এখন থেকেই নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মূলত বর্তমানে ৫ থেকে ১৫ বছর বয়সি ‘জেন আলফা’ প্রজন্মের দিকে নজর দিয়েছেন। তাঁর বার্তা, আগামী কয়েক বছর ধরে বিভিন্ন খেলায় নতুন প্রতিভা তৈরি করতে হবে, যাতে ২০৩৬ সালের মধ্যে তারা আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হয়ে উঠতে পারে।
ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে। এরপরই ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনকে পরবর্তী বড় লক্ষ্য হিসেবে সামনে রেখেছে কেন্দ্র। অলিম্পিক আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিকে প্রায় ৪০ ধরনের খেলা হয় এবং সেখানে প্রায় ৩১৫ থেকে ৩৫০টি ইভেন্ট রয়েছে। কিন্তু এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ খেলায় ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করতে পারেন না। তাই যে খেলাগুলিতে এখনও ভারতের উপস্থিতি নেই, সেগুলিতে নতুন প্রতিভা খুঁজে বের করে তৈরি করার উপর জোর দিতে হবে।
নতুন প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজনের লক্ষ্য পূরণ করতে তাঁদের সহযোগিতা প্রয়োজন। তাঁর আহ্বান, যে খেলাগুলিতে এখনও ভারতীয়দের উপস্থিতি নেই, সেই প্রায় তিন-চতুর্থাংশ ইভেন্টের জন্য এখন থেকেই প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতে হবে। ২০৩৬-এর অলিম্পিককে সামনে রেখে সেই লক্ষ্যেই নতুন প্রজন্মকে প্রস্তুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।




















