কলকাতা – হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে কলকাতায় ফিরেছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই শুভেচ্ছাবার্তা নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বাম নেতৃত্বের হাতে পৌঁছে দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুই রাজনৈতিক শিবিরের এই ‘পারস্পরিক সৌজন্য’-এর কথা তুলে ধরেন তিনি।
কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু হৃদযন্ত্রে অপারেশনের পর আজ দিল্লি থেকে ফিরেছেন। সন্ধ্যায় তাঁকে আরোগ্যের শুভেচ্ছাবার্তা পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানদার সুস্থতা কামনা করেছেন তিনি।” বিমান বসুর শারীরিক পরিস্থিতি নিয়েও তিনি জানান, “বিমানদা এখন ভালো আছেন। তবে সংক্রমণ এড়ানোর জন্য চিকিৎসকরা আপাতত কদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।”
মমতার শুভেচ্ছাবার্তার বাহক হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে যাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন কুণাল। তিনি লেখেন, “নেত্রীর শুভেচ্ছাবার্তার বাহক হিসেবে আলিমুদ্দিন স্ট্রিটে গেছিলাম। মহম্মদ সেলিম, সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে সৌজন্যমূলক কথা হল। বাবুদার সঙ্গে বহুদিন পর দেখা। একসময় পেশাগত কারণে কার্যত রোজ যাওয়া অফিসটিতে দীর্ঘকাল পর গেলাম।” তাঁর দাবি, শুভেচ্ছাবার্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাম নেতৃত্ব। পোস্টের শেষে কুণাল লেখেন, “এই পারস্পরিক সৌজন্য বেঁচে থাক।”




















