পাথর ব্যবসায়ী টুলুর খোঁজে ফের তল্লাশি! সিউড়ির বাড়িতে রাতে পুলিশের অভিযান, বিপুল নগদ-সোনা উদ্ধারের পরও অধরা ব্যবসায়ী

পাথর ব্যবসায়ী টুলুর খোঁজে ফের তল্লাশি! সিউড়ির বাড়িতে রাতে পুলিশের অভিযান, বিপুল নগদ-সোনা উদ্ধারের পরও অধরা ব্যবসায়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সন্ধানে তদন্ত আরও জোরদার করল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর রাতে সিউড়ির একটি বাড়িতে তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা। তদন্তকারীদের নজরে থাকা ওই বাড়িটির মালিক টুলু মণ্ডল বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাড়িটিতে তাঁর এক ম্যানেজার থাকেন বলেও খবর। পুলিশের দাবি, ছোটন নামে ওই ম্যানেজারের খোঁজেই বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে গা-ঢাকা দেওয়া টুলু মণ্ডলের এখনও কোনও হদিস মেলেনি। হিসাবের বাইরে বিপুল সম্পত্তি, আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার এবং বীরভূমে সংগঠিত অপরাধের সঙ্গে যোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় টুলুর কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের বাসিন্দা টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মিনারকে গ্রেফতার করা হলেও টুলুর নাগাল মেলেনি। পাশাপাশি তদন্তের অগ্রগতির সঙ্গে তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রেফতারির আশঙ্কায় আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল। প্রথমে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে উঠলেও একই বিষয়ে অন্য একটি বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় তিনি বিষয়টি থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরও তাঁর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top