আগামী ২৫ বছর কেন্দ্র ও রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবে না, দাবি শমীক ভট্টাচার্যের

আগামী ২৫ বছর কেন্দ্র ও রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবে না, দাবি শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিণ ২৪ পরগনা —

আগামী ২৫ বছর কেন্দ্রে কিংবা পশ্চিমবঙ্গে ক্ষমতার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের জীবনতলার মঠেরদিঘির শান্তপাড়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ওই এলাকায় কালীপুজো বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি।

শমীকের অভিযোগ, তৎকালীন তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে ওই এলাকার কালীপুজো বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর মহিলাদের উদ্যোগে ফের সেই পুজো শুরু হয়েছে। এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানান তিনি।

এদিন রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, গত বছরের তুলনায় এ বছর পশ্চিমবঙ্গে ১৫ হাজার বেশি দুর্গাপুজো হয়েছে। মানুষের আর্থিক স্বচ্ছলতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় আরও বেশি মানুষ নিজেদের পাড়া ও গ্রামে দুর্গাপুজোর আয়োজন করতে পারছেন বলে মনে করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, বহু মানুষের ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও পুজোর আয়োজন করা সম্ভব হয়নি।

এই প্রসঙ্গে তৃণমূল সরকারকে নিশানা করে শমীক বলেন, বাংলাকে কার্যত ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর চেষ্টা হয়েছিল। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।

ধর্মীয় অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রত্যেকেরই নিজের ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত হওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি ও সংগঠন নিজেদের বাইরে অন্য কারও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অধিকার মেনে নিতে চায় না। এই মানসিকতাকে ‘তালিবানি চিন্তাভাবনা’ বলে কটাক্ষ করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top