মুর্শিদাবাদ —
হঠাৎ করেই হাজারদুয়ারি প্যালেস চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবির্ভাব! তাঁকে দেখে প্রথমে রীতিমতো অবাক হয়ে যান পর্যটকরা। নেই কোনও নিরাপত্তারক্ষী, নেই কোনও সুরক্ষা বলয়। চারপাশে শুধু কৌতূহলী মানুষের ভিড়। মঙ্গলবার দুপুরে এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল ঐতিহাসিক হাজারদুয়ারি।
তবে কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল রহস্য। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, বরং তাঁর চেহারার সঙ্গে অবিশ্বাস্য মিল রয়েছে এমনই এক ব্যক্তি। নাম সদানন্দ। তাঁকে দেখেই ঘিরে ধরেন উৎসাহী পর্যটকরা। অনেকেই প্রথমে তাঁকে প্রধানমন্ত্রী বলে ভুল করেছিলেন।
সূত্রের খবর, কর্ণাটকের বাসিন্দা সদানন্দের বাড়ি উড়ুপি জেলার মণিপালে। একসময় তিনি মণিপাল হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানে টানা ২৪ বছর চাকরি করার পর অবসর নেন। এরপরই দেশ ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি।
এবার তাঁর গন্তব্য মুর্শিদাবাদের কান্দি। কান্দির বাসিন্দা মধু দত্তের আমন্ত্রণে একটি কালীপুজো উপলক্ষে তাঁর বাড়িতে আসছেন সদানন্দ। কান্দিতে পৌঁছনোর আগে বন্ধুদের পরামর্শে ঐতিহাসিক হাজারদুয়ারি ঘুরে দেখার পরিকল্পনা করেন তিনি। সেই মতোই মঙ্গলবার হাজারদুয়ারি প্যালেসে হাজির হন।
আর সেখানেই তাঁর চেহারার সঙ্গে প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক মিল দেখে চমকে যান পর্যটকরা। মুহূর্তের মধ্যেই তাঁকে ঘিরে জমে ওঠে ভিড়। প্রধানমন্ত্রী ভেবে তৈরি হওয়া কৌতূহল শেষ পর্যন্ত পরিণত হয় এক মজার অভিজ্ঞতায়।



















