আজও ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আজও ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে বর্ষার দাপট এখনও অব্যাহত। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। এর জেরে কলকাতাসহ একাধিক জেলায় দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের কোথাও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top