আন্দোলন প্রত্যাহারের পর নতুন বার্তা অভিজিৎ দীপকের, বললেন— ‘এটা শেষ নয়, সবেমাত্র শুরু’

আন্দোলন প্রত্যাহারের পর নতুন বার্তা অভিজিৎ দীপকের, বললেন— ‘এটা শেষ নয়, সবেমাত্র শুরু’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনের দাবির বিষয়ে সরকারের লিখিত আশ্বাসের পর দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে আন্দোলন আপাতত স্থগিত হলেও ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দিলেন সংগঠনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে।

রবিবার সকালে নিজের বাড়ি থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিজিৎ। সেখানে তিনি জানান, দীর্ঘদিন পর নিজের ঘরে নিশ্চিন্তে ঘুম থেকে উঠেছেন। গত ৩৭ দিন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে কেটেছে বলেও উল্লেখ করেন তিনি। আন্দোলনে যাঁরা সরাসরি অংশ নিয়েছেন, সমর্থন জানিয়েছেন কিংবা তাঁদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন— সকলকেই ধন্যবাদ জানান তিনি।

অভিজিৎ আরও বলেন, অসুস্থতার কারণে তিনি শনিবার যন্তর মন্তরে উপস্থিত থেকে সকলকে ধন্যবাদ জানাতে পারেননি। তাঁর দাবি, তিনি টাইফয়েড ও জ্বরে আক্রান্ত ছিলেন, তাই দ্রুত বাড়ি ফিরে আসতে হয়েছিল। তবে গত ৩৭ দিন ধরে যাঁরা আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাঁদের প্রত্যেককে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এই আন্দোলন শেষ হয়নি, বরং এটি একটি নতুন পথচলার সূচনা। ককরোচ জনতা পার্টির সামনে আরও অনেক কর্মসূচি ও লড়াই রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন আন্দোলন চলার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরে প্রহ্লাদ যোশীকে নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই আন্দোলনে দেশজুড়ে বহু পড়ুয়া, ককরোচ জনতা পার্টির কর্মী-সমর্থক, বিরোধী নেতারা এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকও অংশ নেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top