রাজ্য – কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশজুড়ে ছাত্র আন্দোলন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এরই মধ্যে কলকাতায় ছাত্র আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক অশান্তি এবং আন্দোলনের নামে হিংসার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন, ছাত্র আন্দোলনের নামে যারা আইনভঙ্গ, হিংসা বা তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ ঘোষের দাবি, ওই ঘটনায় সাধারণ মানুষ ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে এবং সেই সব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি জানান। তাঁর বক্তব্য, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আন্দোলনের পরিস্থিতি বিবেচনা করে সরকার যে সিদ্ধান্তকে প্রয়োজনীয় মনে করেছে, সেটাই নেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করেছে।
দিলীপ ঘোষ আরও বলেন, সরকারের লক্ষ্য সবসময় আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়া। সেই নীতির ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।




















