‘আপনাদের খিদে এতটাই বেশি, পেট ভরে না!’ কর্পোরেট সংস্থাগুলিকে তীব্র আক্রমণ মোদির, কর্মসংস্থান ও বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন

‘আপনাদের খিদে এতটাই বেশি, পেট ভরে না!’ কর্পোরেট সংস্থাগুলিকে তীব্র আক্রমণ মোদির, কর্মসংস্থান ও বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ —

সরকারি কর ছাড়ের সুবিধা নিয়েও কর্মসংস্থান তৈরি কিংবা কর্মীদের বেতন বৃদ্ধিতে যথেষ্ট উদ্যোগী না হওয়ার অভিযোগে দেশের কর্পোরেট জগতকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে বণিকসভা ফিকি-র (FICCI) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দেশের প্রথম সারির শিল্পপতিদের সামনেই এই কড়া বার্তা দেন তিনি। কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ব্যবসা সহজ করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মোদি। এরপর শিল্পপতিদের উদ্দেশে কিছুটা ব্যঙ্গের সুরেই তিনি বলেন, “আমি জানি আপনারা হাততালি দেবেন না। খুব ভালো করেই জানি, কারণ আপনাদের খিদে এতটাই বেশি যে যতই খাওয়ানো হোক না কেন, পেট ভরে না।”

এরপর কর্পোরেট সংস্থাগুলির কর্মসংস্থান ও বেতন বৃদ্ধির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? নিয়োগের সংখ্যা কি বাড়িয়েছেন? না। আপনাদের মানসিকতা হল—’মোদীজি, আপনি করুন, আমরা শুধু বসে দেখব’। এভাবেই কি চলতে থাকবে?”

কর রিফান্ডের প্রক্রিয়া সহজ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগে কর রিফান্ড পেতে আট মাস সময় লাগত। এখন এক সপ্তাহের মধ্যেই সেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায়। অন্তত এই কাজের জন্য তো শিল্পপতিরা হাততালি দিতে পারেন বলেও ব্যঙ্গ করেন তিনি।

কর্পোরেট কর কমানোর সুবিধা নিয়েও প্রশ্ন

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ২০১৪ সালে কর্পোরেট করের হার ছিল ৩০ শতাংশ। পরে ২০১৯ সালে তা কমিয়ে ২২ শতাংশ করা হয়। পাশাপাশি সাধারণ মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।

মোদির বক্তব্য, সরকার একের পর এক পদক্ষেপ করে ব্যবসা ও সাধারণ মানুষের জন্য সুবিধা তৈরি করেছে। কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধি এবং কর্মীদের বেতন বাড়ানোর ক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুনাফা বাড়লেও কর্মসংস্থান ও বেতন বৃদ্ধি নিয়ে উদ্বেগ

কর্পোরেট সংস্থাগুলির মুনাফা বৃদ্ধির পরিসংখ্যানও এই বিতর্কে উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, কর ছাড়ের সুবিধার পর সংস্থাগুলির সম্মিলিত মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মার্চ ২০২৬-এর মূল্যায়ন অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে দেশের সংস্থাগুলির সম্মিলিত মুনাফা ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.১ লক্ষ কোটি টাকায়।

অন্যদিকে, মতিলাল অসওয়ালের রিপোর্ট অনুযায়ী, নিফটি-৫০০ ভুক্ত সংস্থাগুলির মুনাফা বৃদ্ধির হার ছিল ২৮.৭ শতাংশ, যা দেশের জিডিপি বৃদ্ধির হার ৯.৫ শতাংশের প্রায় তিন গুণ। এই পরিসংখ্যানের প্রেক্ষিতেই কর্পোরেট সংস্থাগুলির মুনাফা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও বেতন বৃদ্ধির দায়িত্ব পালনের বিষয়টি সামনে আনলেন প্রধানমন্ত্রী।

ফিকি-র শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে শিল্পপতিদের উদ্দেশে মোদির এই বার্তা ঘিরে কর্পোরেট সংস্থাগুলির সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top