বিনোদন —
‘টিকিট টু ফিনালে’-র ফাইনাল টাস্ক ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন জিতু কমল ও সৌরভ। নিয়ম অনুযায়ী, একটি রিকশায় পাশাপাশি বসে থাকতে হবে দুই প্রতিযোগীকে। অন্যদিকে, ঘরের বাকি সদস্যরা নানা কৌশলে তাঁদের বিরক্ত করার চেষ্টা করবেন। তবে কোনওভাবেই জিতু বা সৌরভকে কিংবা রিকশাটিকে ধাক্কা দেওয়া যাবে না। এমনকী, সমবেতভাবে রিকশা ঝাঁকানোও নিষিদ্ধ। লক্ষ্য ছিল একটাই—প্রতিপক্ষকে টাস্ক থেকে সরিয়ে দেওয়া।
টাস্ক চলাকালীন দুই প্রতিযোগীকে নাজেহাল করতে একের পর এক কৌশল নেন ঘরের সদস্যরা। অনুশ্রী ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গরম করে তার ধোঁয়া জিতু ও সৌরভের সামনে ছাড়তে থাকেন। অন্যদিকে, রাজবীর দু’জনের হাতেই ফোম মাখাতে শুরু করেন। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে চলে টাস্ক।
‘সরি সৌরভ’ বলেই ধাক্কা জিতুর!
এরপরই ঘটে আসল ঘটনা। সৌরভ যখন কিছুটা নীচের দিকে ঝুঁকেছিলেন, সেই অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে তাঁকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু। ধাক্কা দেওয়ার আগে অবশ্য তাঁকে ‘সরি সৌরভ’ বলতেও শোনা যায়। সর্বশক্তি দিয়ে রিকশায় টিকে থাকার চেষ্টা করেছিলেন সৌরভ। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারেননি। রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান তিনি।
ঘটনার পরই ছুটে আসেন ঘরের অন্য সদস্যরা। দেখা যায়, চোট পেয়েছেন সৌরভ। তাঁর শরীরের একটি অংশ কেটেও গিয়েছে। স্বাভাবিকভাবেই রাগ, দুঃখ ও যন্ত্রণায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
‘শিবের দিব্যি’ নিয়েও তৈরি হয় ক্ষোভ
সৌরভের ক্ষোভের পিছনে ছিল আরও একটি কারণ। টাস্ক চলাকালীন জিতু তাঁকে ‘শিবের দিব্যি’ কেটে কথা দিয়েছিলেন যে, তিনি স্বেচ্ছায় টাস্ক হারবেন এবং সৌরভকে জিতিয়ে দেবেন। যদিও সৌরভ নিজেই জিতুকে এমনটা না করার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে জিতুর ধাক্কায় টাস্ক থেকে ছিটকে যান তিনি।
তবে রাগ ও যন্ত্রণা সত্ত্বেও শেষ পর্যন্ত স্পোর্টিং স্পিরিট বজায় রাখেন সৌরভ। জিতুর সঙ্গে হাত মিলিয়ে টাস্ক থেকে সরে যান তিনি। এই ঘটনাকে ঘিরে ‘টিকিট টু ফিনালে’-র ফাইনাল টাস্কে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।




















