কলকাতা: নির্বাচন কমিশনের Special Intensive Revision বা SIR নিয়ে বিতর্কের মধ্যেই ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তিনি গণতন্ত্র রক্ষার জন্য ‘স্বাধীনতার লড়াই’-এর ডাক দেন। একইসঙ্গে রাজনৈতিক দল, এনজিও এবং যুবসমাজকে ভয় কাটিয়ে পথে নামার আহ্বান জানান তিনি। মমতার কথায়, “বাংলা পথ দেখাবে” এবং যাঁরা ভয় পাচ্ছেন, তাঁদেরও আন্দোলনে সামিল হওয়ার বার্তা দেন তিনি।
SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কিছু সিদ্ধান্ত তাঁদের অজ্ঞাতসারে নেওয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, অভ্যন্তরীণ মতামত বা পর্যবেক্ষণ প্রাতিষ্ঠানিক আলোচনার স্বাভাবিক অংশ এবং SIR-সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তিন কমিশনারের অনুমোদনেই নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন। তাঁর দাবি, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য এই লড়াই প্রয়োজন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, গত কয়েকদিনে বাংলায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের উপর অত্যাচার চলছে এবং বহু মামলা হয়েছে। নিজের বিরুদ্ধে ‘হাউজ অ্যারেস্ট’ এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধার অভিযোগও তোলেন তিনি। জ্ঞানেশ কুমারের গ্রেফতারির দাবিও জানান মমতা।
মমতা আরও অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকদের ভাতা এবং পেনশনের মতো বিভিন্ন সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের পোশাক ব্যবহার করে রাজনৈতিক দলের পতাকা ধরার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে ভয় না পেয়ে রাজনৈতিক দল, এনজিও এবং সাধারণ মানুষকে পথে নামতে হবে। বিশেষ করে যুব প্রজন্মকে সামনে এসে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।




















