খেলা – গত বিশ্বকাপেই আফগানিস্তান বুঝিয়ে দিয়েছিল, শুধু অংশগ্রহণের জন্য মাঠে নামে না তারা। একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল আফগান ব্রিগেড। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। আগামী বছর আফ্রিকার মাটিতে বিশ্বকাপের খেতাব জয়ের লক্ষ্যে নামবেন রশিদ খানরা।
সোমবার আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে রহমত শাহদের দল। সিরিজের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইরিশদের হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে না খেলেই মূলপর্বের টিকিট পেয়ে গেল আফগানিস্তান।
আফগানিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অধিনায়ক রশিদ খান। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ৪৪ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন তিনি। এরপর রান তাড়া করতে নেমেও দলের প্রয়োজনের সময় দায়িত্বশীল ব্যাটিং করেন রশিদ। ৩৭ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন রশিদ খান। তাঁর পারফরম্যান্সে ভর করেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আফগানিস্তান। আগামী বিশ্বকাপে ফের একাধিক শক্তিশালী দলের পথের কাঁটা হয়ে উঠতে প্রস্তুত রশিদ-রহমতদের দল।




















