রাজ্য – আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল চর্চিত ধর্ষণ-খুন এবং প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতি মামলা ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই আবহেই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
সন্দীপ ঘোষের সেই আবেদন গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনের বিষয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশে ব্যাপক আলোড়ন তৈরি করে। ঘটনার তদন্তে নেমে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা খতিয়ে দেখে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসে।
হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সামগ্রী কেনার ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ম ভেঙে আর্থিক বরাত পাইয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
পরবর্তীতে আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন সন্দীপ ঘোষ। এবার সেই মামলায় জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শীর্ষ আদালতের নোটিসের পর আগামী শুনানিতে সিবিআই কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে।




















