আরজি কর কাণ্ডে নতুন এফআইআর, অপরাধমূলক ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ফের তদন্ত

আরজি কর কাণ্ডে নতুন এফআইআর, অপরাধমূলক ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ফের তদন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে সরকার পরিবর্তনের পর আরজি কর কাণ্ডের তদন্তে নতুন করে গতি এসেছে। সিবিআইয়ের তদন্তের পাশাপাশি এবার পৃথক একটি মামলা দায়ের করে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করের ঘটনায় নিহত চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটির স্মরণসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পর সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।

নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রমাণ লোপাটের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করে পৃথক মামলা দায়েরের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে নিহত চিকিৎসকের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর মা-বাবার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন, আরজি কর কাণ্ডের একটি নির্দিষ্ট দিক খতিয়ে দেখতে নতুন মামলা দায়ের করা হবে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল সেই তদন্ত চালাবে।

বিশেষ করে ঘটনার দিন কেন এত দ্রুত নিহত চিকিৎসকের দেহ দাহ করা হয়েছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শ্মশানঘাটে দেহ দাহের সময় পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই ওই ব্যক্তিদের নাম-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও দাহকার্যের সময় নিহত চিকিৎসকের পরিবারের কাছ থেকে কোনও খরচ নেওয়া হয়নি কেন, সেই বিষয়টিও নতুন তদন্তের আওতায় আনা হচ্ছে। ফলে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তের পাশাপাশি এবার রাজ্য পুলিশের নতুন মামলাকে ঘিরেও তদন্ত কোন পথে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top