পুরুলিয়া – আর্থিক প্রতারণার অভিযোগে পুরুলিয়ার তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি কিরিটি আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে আটক করার পর থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার তাঁকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরিটি আচার্যের বিরুদ্ধে আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগগুলির ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই কিরিটি আচার্যকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছিল না। একসময় সমাজমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি কার্যত নীরব ছিলেন। এলাকাতেও তাঁর উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না বলে স্থানীয় সূত্রের দাবি।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিবর্তনের পরও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবেই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন বলে জানা গিয়েছে। তবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ কমে গিয়েছিল। এখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে আরও কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে।




















