গভীর নিম্নচাপের পথে বঙ্গোপসাগর, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

গভীর নিম্নচাপের পথে বঙ্গোপসাগর, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা আরও বেড়েছে। গাঙ্গেয় উপকূল ও সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে।

উত্তরবঙ্গেও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top