বিদেশ – ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডারের বড় অংশ ব্যবহার করেছে। এই আবহেই ট্রাম্প জানিয়েছেন, অযথা প্রাণহানি এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানোই তাঁর সরকারের লক্ষ্য।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর সামরিক চাপ সৃষ্টি করেছে, তবে তিনি মানুষের প্রাণহানি দেখতে চান না। তাই যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর পক্ষেই তিনি মত দিয়েছেন।
তবে একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, কোনও অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়েছে। তবুও পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে এবং সেই পথেই এগোতে আগ্রহী ওয়াশিংটন।




















