রাজ্য – সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেবেন। দিনভর একাধিক প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রথমে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে যাবেন। সেখান থেকেই দক্ষিণ সিকিমের নামচির সমরদুং টানেল বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারানো পশ্চিমবঙ্গের ১১ জন শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করার কথা রয়েছে।
এছাড়াও উত্তরবঙ্গ সফরে একাধিক প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
দিনের পরবর্তী পর্যায়ে শিলিগুড়িতেও একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।



















