রাজ্য – সোমবার সকালে দুর্গাপুরে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের নিউ স্টিল পার্ক এলাকায় এক লেবার সাপ্লায়ার গোলাম জামার ভাড়া বাড়িতে পৌঁছায় তদন্তকারী দলের সদস্যরা। তবে ঠিক কোন মামলার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনআইএ।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গোলাম জামার আদি বাড়ি বিহারে। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ছত্তিশগড়ে ছিলেন। প্রায় তিন বছর আগে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দুর্গাপুরে বসবাস শুরু করেন। আগে তিনি টায়ার সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি মালয়েশিয়া-সহ একাধিক বিদেশে তাঁর যাতায়াত ছিল বলেও তদন্তকারীদের প্রাথমিক তথ্য।
এনআইএ-র প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, ছত্তিশগড়ের একটি নাশকতামূলক ঘটনার তদন্তে গোলাম জামার নাম উঠে এসেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর আড়ালে মানবপাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গোলাম জামার সঙ্গে এলাকার মানুষের তেমন যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ভুয়ো পাসপোর্ট তৈরির একটি চক্রের সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে। কয়েক মাস আগে তিনি মোবাইল নম্বর পরিবর্তন করেছিলেন এবং কিছুদিন এলাকাতেও ছিলেন না বলেও দাবি করা হয়েছে।
এনআইএ জানিয়েছে, ভুয়ো নথি তৈরি, বিদেশে কর্মী পাঠানোর আড়ালে মানবপাচার এবং সম্ভাব্য অপরাধচক্রের যোগ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংস্থার পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।



















