কলকাতা: বাংলায় সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত, হিংসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাম্প্রতিক ঘটনাগুলি শুধুমাত্র রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং হিংসা, ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক ব্যর্থতার একটি উদ্বেগজনক ছবি সামনে আনছে।
অভিষেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের বহু কর্মী ও সমর্থক আক্রমণ, হুমকি এবং শারীরিক হিংসার মুখোমুখি হচ্ছেন। তাঁর বক্তব্য, এই পরিস্থিতির থেকেও বেশি উদ্বেগের বিষয় হল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনের ভূমিকা। তাঁর প্রশ্ন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলির সামনেই যদি হামলার ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এই প্রসঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূল নেতা হুমায়ুন কবীরকে পূর্ব যাদবপুর থানার বাইরে মারধরের অভিযোগের কথাও তুলে ধরেছেন অভিষেক। হুমায়ুন কবীর নিজেও দাবি করেছেন, থানার বাইরে উপস্থিত বহু পুলিশকর্মীর সামনে তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিষেক আরও দাবি করেছেন, দিনের শুরুতে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের উপরও হামলা চালানো হয় এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হামলায় আক্রান্ত কর্মী ও তাঁদের পরিবারের উপর তৈরি হওয়া মানসিক চাপের বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি। সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




















